



সম্প্রতি বৃটিশ অ্যাডভেঞ্চারপ্রিয় ধনকুবের ও ভার্জিন গ্রুপের মালিক স্যার রিচার্ড ব্র্যানসনের সেই মহাকাশযান, যার নাম রাখা হয়েছে স্পেসশিপ টু তার উদ্বোধন করা হলো । জানা গেছে, এর মাধ্যমেই ভার্জিন গ্যালাকটিকের স্পেস ট্যুরিজম চলবে। সবকিছু ঠিক থাকলে ২০১১ সালে নিয়মিত যাত্রী নিয়ে মহাকাশে যাবে এই যান। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত কেবল বিভিন্ন দেশের নভোচারীরাই তাদের পেশাগত কাজের অংশ হিসেবে মহাকাশে যাবার সুযোগ পান। সে হিসেবে ‘গোটা বিশ্বের মাত্র সাড়ে চারশো লোক মহাকাশে যেতে পেরেছেন। এটা একেবারেই অগ্রহণযোগ্য’ বলে বিবিসির কাছে এক সাক্ষাৎকারে বর্ণনা করেন স্যার ব্র্যানসন।
তবে, উদ্বোধন হলেও আগামী প্রায় দেড় বছর এই যানটিকে নানারকম পরীক্ষা নীরিক্ষার মধ্য দিয়েই যেতে হবে। কেবলমাত্র তারপরই মহাকাশযাত্রার জন্য টিকেট বিক্রী শুরু করবে ভার্জিন গ্যালাকটিক।
জানা গেছে, দেড় বছর অপেক্ষার পর এই রকেট প্লেনে চড়ার জন্য লাইন দিয়ে আছেন প্রায় ৩০০ জন প্যাসেঞ্জার, যারা ওজনহীন অবস্থায় মাত্র ৬ মিনিট কাটানোর জন্য দুই লাখ ডলার বা প্রায় দেড় কোটি টাকা খরচ করতেও রাজী আছেন!
তবে মহাকাশে ছয় মিনিটের ওজনহীন অবস্থান হলেও ভূ পৃষ্ঠ থেকে যাত্রা শুরু করার পর মহাশুন্যে গিয়ে আবার ফিরে আসতে এই ফাইটের সময় লাগবে প্রায় দুই ঘন্টা।
হালকা কার্বন কম্পোজিট উপাদানে তৈরি এই যান দুজন চালক ও ছয় জন যাত্রী বহন করবে। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফের্নিয়ার মোহাভে মরুভুমিতে ভার্জিনের এয়ার অ্যান্ড স্পেসপোর্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভবিষ্যৎ মহাকাশ যাত্রীদের অনেকেই হাজির ছিলেন।
উল্লেখ্য, ক্যালিফের্নিয়ার গভর্নর ও অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার এই যানটি উদ্বোধন করেছেন।
No comments:
Post a Comment