
মহাকাশে ছড়িয়ে দেয়া হবে বিশাল আকারের মাছ ধরার জাল। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থাকবে এই জালের বিস্তার। মাছ ধরার জালে যেভাবে মাছ আটকে যায় তেমনি মহাকাশে ছুঁড়ে দেওয়া এই জালে মাছের বদলে ধরা পড়বে শুন্যে ছড়িয়ে থাকা আবর্জনা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মহাকাশে বিশাল আকারের এই মাছ ধরার জালের মতো জালটি পাঠাচ্ছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) এবং এ জাল বানিয়েছে শত বছরের পুরোনো প্রতিষ্ঠান নিটটো সিমো কোম্পানি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মহাকাশে পাঠানো জালের কাজ হবে কক্ষপথ জুড়ে ছড়িয়ে থাকা থাকা বিভিন্ন সময় পাঠানো মহাকাশযানসহ স্যাটেলাইটের ধ্বংসাবশেষ জালে জড়িয়ে একত্রিত করা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, মহাকাশের এসব আবর্জনা যে কোনো সময় সচল স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। এর ফলে নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরের চেইন রিঅ্যাকশন তৈরি হবার আশংকা যেমন রয়েছে তেমনি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর সমস্ত যোগাযোগ ব্যবস্থাও ধ্বংস হয়ে যেতে পারে।
জানা গেছে, মহাকাশে প্রায় ৩ লাখ ৭০ হাজারেরও বেশি আবর্জনা ছড়িয়ে আছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাধারণ মাছ ধরার জালের মতোই মহাকাশে পাঠানো এই জাল তৈরি করতে নিটটো সিমো কোম্পানির ছয় বছর লেগেছে। প্রতিটি ১ মিলিমিটার ডায়ামিটারের ৩ স্তরের ধাতব সুতা এবং মানুষের চুলের মতোই সূক্ষ ফাইবার ব্যবহার করে বোনা হয়েছে এই জাল।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আবর্জনা পরিষ্কার করতে গিয়ে সচল কোনো স্যাটেলাইট যেনো এই জালে গেঁথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতেই বলেছেন গবেষকরা।
No comments:
Post a Comment