
সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের গবেষকরা বিশ্ব সৃষ্টির আদি অবস্থার খোঁজ করতে গিয়ে ১৩শ’ কোটি বছরেরও বেশি প্রাচীন এক গ্যালাক্সি খুঁজে পেয়েছেন। গবেষকদের মতে, ১৩.২ বিলিয়ন বছর বয়সী এই গ্যালাক্সিটিই এখন পর্যন্ত খোঁজ পাওয়া গ্যালাক্সির মধ্যে সবচেয়ে প্রাচীন। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে নির্দিষ্ট করা এই গ্যালাক্সি সৃষ্টি হয়েছিলো বিশ্ব সৃষ্টির ৪৮ কোটি বছর পরেই।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক গার্থ ইলিংওর্থ জানিয়েছেন, ‘আমরা এমন একটি যুগে প্রবেশ করেছি যেখানে সবসময়ই বিশাল পরিবর্তন ঘটে চলেছে। দ্রুত বয়ে চলা সময়ের হাত ধরেই জন্ম নেয়া নক্ষত্রের মধ্যেকার পরিবর্তনই বলে দিতে পারে বিশ্বসৃষ্টির ইতিহাস।’
গবেষকরা জানিয়েছেন, প্রাচীন এই গ্যালাক্সির বয়স নির্ধারণ করা হয়েছে আলোর ড্রপলার ইফেক্ট বা রেড শিফট ব্যবহার করে। এই পদ্ধতিটি হলো ট্রেনের হুইসেলের মতো যেখানে ট্রেন আসার এবং চলে যাবার পরে হুইসেলের আওয়াজের ওঠানামা যেভাবে পরিবর্তন হয় অনেকটা সেরকমই। এ পদ্ধতিতে আলোর রঙেরও পরিবর্তন হয়।
গবেষকরা জানিয়েছেন, প্রাচীন এই গ্যালাক্সির রেড শিফট হলো ১০, যা সবচেয়ে প্রাচীন গ্যালাক্সি হিসেবে একে প্রতিষ্ঠিত করেছে। প্রাচীন গ্যালাক্সি হিসেবে আগের রেকর্ড ছিলো ৮.৫ রেড শিফট।
No comments:
Post a Comment