
সম্প্রতি গবেষকরা মহাকাশে পাঠানোর জন্য প্রথমবারের মতো একটি নৌকা তৈরির পরিকল্পনা করেছেন। গবেষকদের দাবি, তাদের পরিকল্পনা করা এই নৌকাটি শনির বৃহত্তম চাঁদ টাইটানের মিথেন হ্রদ পাড়ি দিতে সক্ষম হবে এবং সেখানে প্রাণের সন্ধান করতে পারবে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির গবেষকরা ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা) গবেষকদের সঙ্গে একত্রে এই নৌকা তৈরিতে কাজ করছেন।
গবেষক জন জারনেকি জানিয়েছেন, রোবটের তৈরি নৌকাটি টাইটানের লেজিয়া মেরি নামের মিথেন এবং ইথেন ভর্তি হ্রদের ওপর ভাসিয়ে দেয়া হবে। আর এই হ্রদের ওপর কয়েক মাসেরও বেশি সময় ধরে এই নৌকাটি ভেসে বেড়াবে এবং এই হ্রদ ঘেঁসে কোনো প্রাণের উৎপত্তি হয়েছে কিনা তা খোঁজ করবে। পাশাপাশি বাতাস এবং হ্রদের ঢেউয়ের তারতম্যও নির্ণয় করবে এই নৌকাটি।
জানা গেছে, এই প্রকল্পটির নাম দেয়া হয়েছে টাইটান মেরি এক্সপ্লোরার (টাইম)।
গবেষকরা জানিয়েছেন, টাইটানের সমুদ্রে ওঠা ঢেউ পৃথিবীর সমুদ্রের তুলনায় অনেকটাই বিশালাকৃতির তবে সে ঢেউ হয় ধীরগতির। সেখানে এই নৌকাটি চলবে একটি ছোটো নিউক্লিয়ার জেনারেটরের সাহায্যে।
জানা গেছে, গবেষকরা ২০১৬ সালে এই নৌকাটি টাইটানের উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন। পাঠানোর ৭ বছর পর এটি ভেসে বেড়াবে শনির চাঁদে আর এটিই হবে পৃথিবীর বাইরের কোনো সমুদ্রে পাড়ি দেয়া প্রথম তরী।
No comments:
Post a Comment